গত ১৮ মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পর আজ এশিয়ার স্টক মার্কেটগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেছে, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ উত্থান। শুক্রবার 3.9% দরপতনের পর MSCI এশিয়া প্যাসিফিক সূচক 1.9% বেড়েছে। তাইওয়ানের তাইয়েক্স সূচক 4.9% বেড়েছে, যা এক পর্যায়ে 6.7% পর্যন্ত বেড়েছিল। নিক্কেই 225 সূচক 2.3% বৃদ্ধি পেয়েছে। এছাড়া S&P 500 ফিউচারস 0.4% এবং নাসডাক 100 সূচকের ফিউচারস 0.1% বেড়েছে।

এই পরিস্থিতির প্রধান অনুঘটক ছিল তাইওয়ানের কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ: দেশটির নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয় সোমবার থেকে শর্ট-সেলিংয়ের (মূল্য হ্রাসের প্রত্যাশায় শেয়ার বিক্রির) ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং 500 বিলিয়ন তাইওয়ানি ডলার (প্রায় $15.2 বিলিয়ন মার্কিন ডলার) সমমূল্যের বাজার স্থিতিশীলকরণ তহবিল ব্যবহারের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এছাড়া, শুক্রবার ওয়াল স্ট্রিটে যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেছে—যেখানে মার্কেটে দরপতনের সুযোগ নিয়ে ক্রেতারা সক্রিয় হয়ে উঠেছিলেন—তাও ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি, অনেক বিশ্লেষক মনে করছেন যে, ডেমোক্র্যাটরা এআই ও ডেটা সেন্টার নিয়ে নির্বাচনী প্রচারণায় যে কঠোর অবস্থান ব্যক্ত করেছিলেন, তা এখন কিছুটা নমনীয় হতে পারে।
সপ্তাহজুড়ে স্টক মার্কেটের সার্বিক পরিস্থিতির কতটা দ্রুত পরিবর্তন ঘটেছে, তা একবার ভেবে দেখুন। ৪ নভেম্বর, বুধবার—যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি প্রযুক্তি কোম্পানি সম্মিলিতভাবে প্রায় $1 ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করে। এর পেছনে মূল কারণ ছিল এই ধারণা যে, সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা কোম্পানিগুলোর মুনাফার পরিবর্তে তাদের ব্যয়কে সীমিত করবে। কিন্তু বৃহস্পতিবারের মধ্যেই এই ধারণা পুরোপুরি বদলে যায়: নাসডাক 100 সূচক একদিনেই $2.3 ট্রিলিয়ন ডলার বাজারমূল্য হারায়; S&P 500 সূচক এপ্রিল মাসের পর সবচেয়ে নেতিবাচক সপ্তাহ পার করে; জাপান ও তাইওয়ানের স্টক মার্কেট মন্দার কবলে পড়ে; এবং স্যামসাং ও এসকে হাইনিক্সের শেয়ারের দর 16%-এরও বেশি কমে যায়। একই সময়ে, চীন ও ভারতের স্টক মার্কেটে পুঁজি প্রবাহিত হতে শুরু করে, যেখানে বিনিয়োগকারীদের আগ্রহ পরিবর্তনের ফলে শেয়ারের চাহিদা নতুন করে বৃদ্ধি পায়।
এনভিডিয়া-কে কেন্দ্র করে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে যে, কোম্পানিটির একজন কর্মী চীনা গোয়েন্দা সংস্থা কর্তৃক নিয়োগকৃত—এই সন্দেহের প্রেক্ষিতে এনভিডিয়া কর্তৃপক্ষ স্বতন্ত্র তদন্ত শুরু করেছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ওই কর্মীর সাথে নিজের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। এশীয় সেশনের শুরুর দিকে নাসডাক 100 ফিউচার সূচক 1% পর্যন্ত কমে গিয়েছিল, তবে পরবর্তীতে তা আবার ঘুরে দাঁড়ায়। ট্রেডাররা সম্ভবত এই ঘটনাটিকে সেমিকন্ডাক্টর খাতের দীর্ঘমেয়াদী অগ্রগতির পথে খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেই বিবেচনা করেছে।
আজ বন্ড এবং মার্কিন ডলারের দর স্টক মার্কেটের তুলনায় ভিন্ন দিকে যাচ্ছে—যা সাধারণত নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে গেলে দেখা যায়। শুক্রবার দুই বেসিস পয়েন্ট বাড়ার পর, আজ দশ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা মুনাফার হার আরও এক বেসিস পয়েন্ট বেড়ে 4.87%-এ পৌঁছেছে। এটি টানা দ্বিতীয় দিন, যেদিন বন্ডের ইয়েল্ড বৃদ্ধি পেল। তবে ৫ নভেম্বর এই ইয়েল্ড কমে 4.84%-এ নেমে এসেছিল, যা ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন; আবার ২৮ অক্টোবর এটি ছিল 5.02%। উল্লেখ্য, শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বিষয়ক প্রতিবেদনের পর মার্কিন ডলারের দর সাম্প্রতিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তাই আজকের এই দরপতনকে নতুন কোনো নিম্নমুখী প্রবণতা না বলে, বরং আংশিক পুলব্যাক হিসেবে দেখা যেতে পারে।
জ্বালানি তেলের দরপতন অব্যাহত রয়েছে: ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য 1.3% কমে প্রতি ব্যারেল $97.01-এ নেমে এসেছে। প্রসঙ্গত, ২ নভেম্বর সেশন শেষ হওয়ার সময় এই গ্রেডের জ্বালানি তেলের মূল্য $104.77 ছিল এবং শুক্রবার সকালে তা ছিল প্রায় $99.93। ট্রেডাররা একদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার দিকটি বিবেচনা করছেন, অন্যদিকে ওই অঞ্চলে নতুন করে ঘটে যাওয়া হামলার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন। অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস তিনটি বিকল্প নিয়ে আলোচনা করেছে: নতুন করে হামলা চালানো, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা, অথবা তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়ার বিনিময়ে কোনো সমঝোতায় পৌঁছানো।
স্বল্পমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আগের পরিসংখ্যানে দেখা গিয়েছিল, দেশটির সামগ্রিক সিপিআই বার্ষিক ভিত্তিতে 3.7% ছিল এবং কোর সিপিআই 2.6% ছিল। আজ ফেডারেল রিজার্ভের কর্মকর্তা গুলসবি, বার্কিন এবং ব্যাংক অব ইংল্যান্ডের বেইলি বক্তব্য রাখবেন; তবে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের অনুপস্থিতিতে ট্রেডাররা সম্ভবত জ্বালানি তেলের দর, বন্ডের ইয়েল্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাত সংক্রান্ত খবরের দিকেই বেশি নজর দেবে।
সামগ্রিকভাবে বিবেচনা করলে, এশীয় স্টক মার্কেটে যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, তা মূলত তাইওয়ান কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ এবং বিক্রেতাদের নিষ্ক্রিয় হয়ে পড়ার একটি টেকনিক্যাল প্রতিক্রিয়া বলেই মনে হয়; একে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা সমাপ্তি হিসেবে দেখার সুযোগ কম। আমার ধারণা, আগামী সেশনগুলোতে এশীয় স্টক সূচকগুলো তাদের অর্জিত লাভের কিছুটা ধরে রাখতে পারে। তবে এআই খাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডেমোক্র্যাটরা ঠিক কতদূর পর্যন্ত অগ্রসর হবেন, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত স্টক মার্কেটে বাড়তি অস্থিরতা বজায় থাকার সম্ভাবনাই বেশি।

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের বায়ারদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,427-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,451-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,474-এর উপর ধরে রাখাও বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,404-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,381-এ নেমে যেতে পারে এবং $7,355 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।